নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাত ১১টায় ভুক্তভোগীর বাবা সজীব নামে একজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, এক মাস যাবত্ আসামি সজীব ভুক্তভোগী স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ জানুয়ারি বেলা আড়াইটায় সিদ্ধিরগঞ্জের বৌবাজার এলাকায় সজীব তার নিজ বাড়িতে কথা বলার জন্য ডেকে নিয়ে ঐ ছাত্রীকে ধর্ষণ করে।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন (৫১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল রবিবার সকাল ১০টায় থানায় অভিযোগ দায়ের করার পরপরই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ১১টায় নুডল্স রান্না করার কথা বলে ঐ স্কুলছাত্রীকে তার বান্ধবী উপজেলার জালকুড়িতে মোশাররফের ভাড়া বাসায় নিয়ে যায়। নুডল্স রান্না করার সময় মোশাররফ ঐ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিত্কার করে রুম থেকে বের হয়ে নিজ বাসায় চলে যায়।
