ডেমরায় গৃহবধূ খুন স্বামী পলাতক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০০:১২

রাজধানীর ডেমরায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঐ গৃহবধূর নাম রাশি আক্তার (২৪)। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ডেমরার সারুলিয়ার পশ্চিম টেংরা এলাকায় তার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে রাশি আক্তারের স্বামী মো. জুনায়েদ পলাতক রয়েছে। পুলিশের ধারণা, জুনায়েদ স্ত্রী রাশি আক্তারকে খুন করে পালিয়েছে।

রাশি আক্তারের ভাই রাসেল জানান, এক মাস আগে গাড়িচালক জুনায়েদের সঙ্গে তার বোনের বিয়ে হয়। জুনায়েদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মছলন্দপুরে। বিয়ের পর স্বামী-স্ত্রী পশ্চিম টেংরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। রাশি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি ক্যাবল তৈরির কারখানায় কাজ করতেন।

এলাকাবাসী জানিয়েছে, গতকাল সকালে পাশের ভাড়াটে রাশির ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ দেখেন। এদিকে সকাল থেকে  মোবাইল ফোনে না পেয়ে বিকালে রাশির বাসায় আসেন তার মা। ঘরের পাশেই চাবি পড়ে ছিল। দরজা খুলে বিছানায় মেয়েকে শোয়া অবস্থায় দেখে ডাকাডাকি করেন। শরীরে হাত দিয়ে দেখেন তার স্বাশপ্রশ্বাস বন্ধ। 

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।