রাঙ্গামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর রুটে যান চলাচল শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১৫

রাঙ্গামাটি প্রতিনিধি

বিকল্প সড়ক দিয়ে সোমবার সকাল থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর রুটের যানবাহন চলাচল শুরু হয়েছে। রাঙ্গামাটি-খাগড়াছড়ি প্রধান সড়ক কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পড়ার ১৩ দিন পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বিকল্প সড়ক দিয়ে সোমবার থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর রুটের যান চলাচল শুরু হয়। গত ১২ জানুয়ারি অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক কুতুকছড়ি বাজারসংলগ্ন বেইলি ব্রিজ পার হতে গিয়ে এটি ভেঙে কুতুকছড়ি খালে পড়ে গেলে পানিতে ডুবে চালকসহ তিন জন মারা যায়। ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক ও নানিয়ারচর উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আরেফিন জানান, জনদুর্ভোগ সারাতে সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন ব্যাটালিয়ন বিকল্প হিসেবে নতুন সড়ক তৈরিতে ১৪০ ফুট দৈর্ঘ্যের আরেকটি বেইলি ব্রিজসহ ২৪০ মিটারের সংযোগ সড়ক নির্মাণ করেছে। এ সড়কে সোমবার সকাল থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর রুটের যানবাহন চলাচল শুরু করেছে।