মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে ছয় দোকানের মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। রবিবার দিবাগত রাত ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ে দোকানে চুরির এ ঘটনা ঘটে। নৈশ প্রহরীর আবুল হোসেন জানান, রাত ১টার দিকে একটি মাইক্রোবাস মহাসড়ক থেকে নিচে নেমে আসে। কোন কিছু বুঝে ওঠার আগেই সাত-আট জন লোক মাইক্রো থেকে নেমে তার চোখ-মুখ বেঁধে একটি চৌকির সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা মোড়ের প্রত্যেকটি দোকানের তালা কেটে মালামাল লুট করে মাইক্রোবাসে তুলে রাজশাহীর দিকে চলে যায়। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
