লোহাগড়া পৌরসভার অফিস সহায়ককে কুপিয়ে জখম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১৬

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়া পৌরসভার অফিস সহায়ক রাকিব শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব পৌরসভার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে। এ সময় রাকিবের ভাগ্নে আজাদ শেখও হামলায় জখম হয়েছেন। আহত রাকিবের ভাই রুবেল অভিযোগ করেন, লোহাগড়ার পোদ্দারপাড়া গ্রামসহ পাশের কয়েকটি গ্রামের ১০/১৫ জন ধারালো অস্ত্র নিয়ে লোহাগড়া বাজারের স্বর্ণপট্টি এলাকায় রাকিবের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেয়। পরে আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। আজাদ শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিত্সাধীন। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, দোষীদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।