এফএ কাপের চতুর্থ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছে ওলে গুনার সোলসারের ম্যানচেস্টার ইউনাইটেড। পঞ্চম পর্বে ওয়েস্টহাম ইউনাইটেডের মুখোমুখি হবে পল পগবারা। রবিবার ওল্ড ট্রাফোর্ডে এসে বছরে প্রথমবারের মতো ছন্দ ফিরে পেয়েছিল লিভারপুলের আক্রমণভাগ। রবার্তো ফিরমিনোর পাস থেকে মোহামেদ সালাহ দুই দুইবার ইউনাইটেডের জালে বল জড়ালেও রক্ষণভাগের ব্যর্থতায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় য়ুর্গেন ক্লপের দলকে। ইউনাইটেডের হয়ে গোল করেছেন ম্যাসন গ্রিনউড, মার্কাস রাশফোর্ড ও ব্রুনো ফার্নান্দেজ। ম্যানেজারীয় ক্যারিয়ারে লিভারপুলের বিপক্ষে প্রথম জয় পাওয়ার পর সোলসার উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করার মতো একটি মন্ত্র পেয়েছি এবং আমরা ধীরে ধীরে শক্তিশালী থেকে আরো শক্তিশালী হচ্ছি।’
