ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সবচেয়ে বড় বাজার অরুয়াইলে অর্ধশতাধিক কুকুর রয়েছে। বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় কুকুরগুলোর ভূমিকা অপরিসীম। তাছাড়া প্রাকৃতিক প্রহরী হিসেবে কুকুরগুলো বাজার পাহারাতেও ভূমিকা রাখছে। কয়েক মাস হলো সাত-আটটি কুকুরের ঘাড়ে ঘা হয়ে পচন ধরেছে। প্রচণ্ড দুর্গন্ধ। একসঙ্গে এত কুকুরের ঘাড়ে ঘা! সবাই বলছে এটি একটি দুর্লভ রোগ। কুকুরের ঘায়ের পচন ধরা জায়গায় যে মাছিগুলো বসছে ঐ মাছিগুলোই আবার বাজারের হোটেল-রেস্তোরাঁর খোলা খাবারে বসে মানুষের মাঝে রোগ ছড়াচ্ছে। রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিত্সার জন্য উপজেলা পশুসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরই মধ্যে দুটো কুকুর অসুস্থ হয়ে মারা গেছে। অরুয়াইল বাজারের এই অসুস্থ কুকুরগুলোর চিকিত্সা জন্য পশুসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
এম মনসুর আলী
অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
