পি কে হালদারের সহযোগী অবন্তিকাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের এক মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে কাশিমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে গত ১৩ জানুয়ারি অবন্তিকা বড়ালকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে পি কে হালদারের বিরুদ্ধে দায়েরকৃত ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ঐ দিনই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ছিল তিন দিনের রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ।