বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
পারিবারিক কলহের জের ধরে হিজলায় শাহিনা আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রবিবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। গতকাল সোমবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শাহিনা আক্তার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চিরাখোলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন বেপারীর স্ত্রী ও তাদের দুই বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। শাহিনা আক্তারের বাবা বাবুল ঢালী জানান, তিন বছর পূর্বে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় শাহিনা ও আলাউদ্দিনের। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। রবিবার শাহিনার শ্বশুরবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর রাতে কোনো এক সময় আত্মহত্যা করেন শাহিনা। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলার কথা জানিয়েছেন বাবুল ঢালী। হিজলা থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
