রাজশাহীতে ভিক্ষুকের বেশে নারীদের যৌন হয়রানি বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:৪৭

রাজশাহীতে ভিক্ষুকের বেশে দিনে-দুপুরে নারী, কিশোরী ও শিশুদের যৌন হয়রানি করত এক বৃদ্ধ! প্রতিদিন রাজশাহী শহরের জনবহুল সাহেববাজার জিরো পয়েন্ট ও আরডিএ মার্কেট এলাকায় তার বিচরণ। ইতিমধ্যে এক ব্যক্তির ধারণকৃত এসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে পুলিশের। জড়িত বৃদ্ধকে অবশেষে গতকাল সোমবার শনাক্ত ও গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ভিক্ষাবৃত্তির আড়ালে মেয়েদের কৌশলে যৌন হয়রানি করাই ঐ বৃদ্ধের বিকৃত নেশা। ভিক্ষাবৃত্তির নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় ঐ বৃদ্ধ এ ধরনের অনৈতিক কাজ করে বেড়াত বলে অভিযোগ রয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ঐ বৃদ্ধের নাম বুলু (৬২)। নগরীর পাঁচানী মাঠ এলাকায় তার দোতলা একটি বাড়ি রয়েছে। নারীদের যৌন হয়রানি করার উদ্দেশ্যেই ঐ বৃদ্ধ ভিক্ষুক সাজে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এক নারী বলেন, ভিক্ষাবৃত্তির আড়ালে অভিনব কায়দায় ঐ বৃদ্ধের যৌন হয়রানির কৌশল সাইফুল ইসলাম দুলাল নামে এক যুবকের দৃষ্টিগোচর হয়। এরপর প্রায় আট মিনিটের একটি ভিডিও ধারণ করে গত রবিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেন তিনি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে অনেকেই ঐ বৃদ্ধকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে কমেন্ট করতে থাকেন।

ভিডিও ক্লিপের স্ট্যাটাসে সাইফুল ইসলাম দুলাল লিখেছেন, ‘এই লোক এবং এরকম আরো যারা আছে, তাদের কাছ থেকে সবাইকে সাবধান হতে হবে। এদের মতো লোকদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার অনুরোধ জানাই। তা না হলে রোজই রাস্তায় নারীরা হেনস্তার শিকার হতে থাকবেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, ভিডিও দেখে ঐ বৃদ্ধকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। যারা তার যৌন হয়রানির শিকার হয়েছেন, তাদের মধ্যে একজন মামলাও করেছেন। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওসি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, ঐ বৃদ্ধ সচ্ছল। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার। পরিবার নিয়ে শাহ্মখদুম কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকে।