ভারতের পদ্মশ্রী সম্মাননায় ভূষিত সন্জীদা খাতুন ও কর্নেল সাজ্জাদ জহির

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:৫৩

ভারতের চতুর্থ বেসামরিক সর্বোচ্চ পদক পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশের দুই গুণী ব্যক্তিত্ব। তারা হলেন দেশের সংস্কৃতি অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সন্জীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশন, ঢাকার সূত্রে এ তথ্য জানা গেছে। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মাননা প্রদান করে থাকে।

সন্জীদা খাতুন বাংলাদেশের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। ছায়ানট আন্দোলন যাদের হাত ধরে যাত্রা শুরু করেছিল সন্জীদা খাতুন তাদের মধ্যে অন্যতম। তিনি একাধারে রবীন্দ্রসংগীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। অপরদিকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের      স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতাযুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর খুঁজে বের করে ভারত থেকে তিনি দেশে ফিরিয়ে এনেছিলেন।