ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবির প্রধান নির্বাচনি কেন্দ্রে কাঠের নৌকা প্রতীক ভাঙচুর, পোস্টার ছেঁড়া ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নারিকেল গাছ প্রতীকের সমর্থক মেহেদি হাসান মিথুনসহ দুই বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মিথুন গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি। রবিবার রাতে পৌর শহরের পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
এদিকে নারিকেল গাছ প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনার প্রতিবাদ গতকাল সোমবার স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা। অপরদিকে নৌকার নির্বাচনি কেন্দ্রে হামলা-অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন জুয়েল বলেন, ধানের শীষ ও নারিকেল গাছ প্রার্থী নির্বাচনি পরিবেশ নষ্ট করতে নৌকার নির্বাচনি কেন্দ্রে হামলা করে পোস্টার ছেঁড়া ও অগ্নিসংযোগ করেছে। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নারিকেল গাছ প্রতীকের জয় ঠেকাতে আমার কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ যুবলীগ সভাপতির বাড়ি ও নৌকার নির্বাচনি কেন্দ্র পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি।
