এমপির বিরুদ্ধে নির্বাচনিবিধি লঙ্ঘনের অভিযোগ

মওলানা ভাসানীর মেয়ের সঙ্গে দেখা করেননি সিইসি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০০:২০

পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত্ করতে এসে তার দেখা পাননি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। গতকাল সোমবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে না পেরে তার একান্ত সচিবের কাছে দুটি অভিযোগের কপি জমা দেন।

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দুটি অভিযোগ সিইসির দপ্তরে জমা দিয়ে যান তিনি। এই পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মাহমুদা খানম ভাসানীর ছেলে মো. মাহমুদুল হক।

পরে মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন, ‘আমরা আসছিলাম তার সঙ্গে দেখা করতে। কিন্তু আমাদের সঙ্গে দেখা না করাটা দুঃখজনক। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আসছিলাম। সুষ্ঠু নির্বাচন করা সিইসির দায়িত্ব।’  প্রসঙ্গত, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।