এনআরবি ব্যাংকের তিন পরিচালকসহ চার জনকে দুদকে তলব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০০:২১

অবৈধভাবে অর্জিত অর্থে ব্যাংকের শেয়ার ক্রয় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে এনআরবি ব্যাংকের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন পরিচালক হলেন নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান ও ইদ্রিস ফরায়জী। অপরজন হলেন ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান। তিনি নাফিহ ও নাভিদের বাবা। সম্প্রতি কমিশন থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাদেরকে ১ ফেব্রুয়ারি দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়। এর আগে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছের চিঠি দিয়েছে দুদক।

তলবি নোটিশে বলা হয়, চার জনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকের বিপুল অঙ্কের শেয়ার ক্রয়সহ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক সূত্রে জানা গেছে, ঐ অর্থ দিয়ে তারা বিভিন্ন ব্যাংকের শেয়ার কেনার পাশাপাশি আমদানি-রপ্তানির নামে বিদেশে পাচার করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে।