মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। টুইটারে ৬৭ বছর বয়সি এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তার উপসর্গ মৃদু এবং ভাইরাস ধরা পড়ার পরও তিনি ‘আশাবাদী’ ছিলেন। খবর বিবিসির
মেক্সিকো জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের উল্লম্ফনের মধ্যেই দেশটির প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ায় খবর এলো। এই মহামারিতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দেড় লাখের কাছাকাছি। এক সংবাদ ব্রিফিংয়ে মেক্সিকোর উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা হোসে লুইস আলোমিয়া দেগারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের শরীরিক অবস্থা স্থিতিশীল আছে। ‘এক দল বিশেষজ্ঞ চিকিত্সক’ প্রেসিডেন্টের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি।
লোপেজ ওব্রাদর জানিয়েছেন, বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি। সেখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনা টিকা পাওয়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। এর আগে রবিবার সকালে মেক্সিকোর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার দুই নেতা টেলিফোন কলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্পুটনিক ভি টিকার সম্ভাব্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন। গত বছর লোপেজ ওব্রাদর জানিয়েছিলেন, রাশিয়ার তৈরি টিকা কার্যকর বলে প্রমাণ হলে তিনি এর ১ কোটি ২০ লাখ ডোজ সংগ্রহ করার চেষ্টা করবেন। মেক্সিকো এখনো এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়নি। কিন্তু ফাইজার-বায়োএনটেকের সরবরাহে দেরির মধ্যেই কর্মকর্তারা দেশের ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকা কর্মসূচি আওতায় আনার জন্য এর সম্প্রসারণ করতে চাইছেন।
