চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই করপোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিয়েছে। যেখানে সিটি করপোরেশন বা মেয়রের কর্মপরিধি আইন দ্বারা খুব সীমিত এবং যা প্রায় পাঁচটি সংসদীয় এলাকা নিয়ে গঠিত সেখানে ব্যয়বহুল এই নির্বাচনের কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ ধারায় স্থানীয় সরকার আইন গণমুখী ও জোরালো করার বাধ্যবাধকতা থাকলেও জনদুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের হাতে পর্যাপ্ত কর্তৃত্ব নেই। তাহলে এই নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কি।’
আরও পড়ুন: ভোটের জন্য প্রস্তুত চট্টগ্রাম
চট্টগ্রাম নগরী ও বৃহত্তর চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে অভিজ্ঞ ব্যক্তিবর্গের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রতিনিধির অংশগ্রহণে একটি সমন্বয় কমিটি গঠন করার আহ্বান জানিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী উল্লেখ করেন, ‘এই কমিটি সমস্ত প্রকল্প প্রণয়ন, যথাসময়ে বাস্তবায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বৃহত্তর চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় কাজ করতে পারে।’
বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে বিশেষ বিবেচনায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ১০টি সিটি করপোরেশন থাকলেও চট্টগ্রামের গুরুত্ব ও সমস্যা অন্যান্য করপোরেশন থেকে অধিক গুরুত্বপূর্ণ।’
ইত্তেফাক/কেকে
