কেমন আছ? তোমার মাঝে মায়াবী কী যেন আছে! কেন জানি, খু্ব মন চাইছে, কোনো এক শীতের সকালে তোমাকে নিয়ে প্রাতঃভ্রমণে যাব। কিছু সময়ের জন্য ভুলে যাব ব্যস্ত শহরের কোলাহল।
শিশির ভেজা রাস্তায় খালি পায়ে হাঁটব। তোমার পায়ের চিহ্ন থাকবে ভেজা শুভ্র কুয়াশায়। তুমি হাঁটবে এলোমেলো খোলা চুলে। আমি হালকা রোদের আড়ালে তোমার ছায়া ধরতে চেষ্টা করব!
আমরা সরিষাখেতের মাঝবরাবর হেঁটে যাব। কিছুটা ক্লান্ত অবস্থায় তুমি অবসর চাইলে তোমাকে ড্যেফোডিলস শোনাব; বোঝাব তোমাকে, জীবন একবিন্দু শিশির ব্যতীত আর কিছুই না। পলকেই শেষ হয়ে যাবে তা!
আমাদের লক্ষ্য থাকবে সরিষাখেতের পাশে ছোট্ট ছাউনি দেয়া জায়গাটুকুতে। এত হলুদের মাঝে সবুজ শাড়িতে তোমাকে মনে হবে অপ্সরাদের মতো। আচ্ছা, এটা কি বলতে পার, অন্সরা দেখতে কেমন! আমার মনে হয় তোমার মতোই হবে!
প্রেম মানুষকে অন্ধ করে দেয় কথাটা মিথ্যা হয়তো! মেনে নিলে নিতে পার—প্রেম আমাদের সৌন্দর্যের সুপ্ত চোখ খুলে দেয়। কে বলে জীবন সাদামাটা, জীবন কঠিন, জীবনের অর্থ নেই! যে বলে সে হয়তো দেখেনি ঝরনার পাশে বসে প্রেয়সীর চুলের ঢেউ, দেখেনি সে প্রেয়সীর ঠোঁটের কোণের সেই মায়াবী হাসি, কখনো বুঝতে পারেনি প্রেয়সীর নরম আঙুল ছুঁয়ে হাঁটার সময় তার নিজ হূদয়ের স্পন্দন।
হালকা কুয়াশা বৃষ্টিতে ভিজব আমরা। অবাক করা চোখের জলে হাসবে তুমি। খোলা চোখের জল মিশবে কুয়াশা বৃষ্টির ফোঁটায়। তোমার হাসিতে সৃষ্টি হবে নতুন কোনো গল্প।
আমি জানি, আমার চাওয়াগুলো খুব এলোমেলো। বাস্তবতার মাঝে খুব সহজেই হারিয়ে যাবে। তবুও এই আবেগী মন কল্পনার রং মিশিয়ে অগোছালো চিন্তা করে যাচ্ছে। মনের স্থিরতা খুব কমই হয় হয়তো। তাই তো মন অনেক আয়োজন করে কষ্টকে কাছে নিয়ে আসে।
ব্যস্ত কোলাহল আজ আমাকে বলছে, হারিয়ে যেতে। কিন্তু, কোথায় হারাব! হারিয়ে যেতে পারে না সবাই। কেউ কেউ শূন্যতায় আবেশে কষ্টের বৃষ্টিতে ভিজে যায়।
ভালো থেকো।
অলংকরণ :অবিনাশ আচার্য
