এই সময়ের ছড়া

রনবী-র টোকাই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:০৬

 

রনবীর আঁকা টোকাই দেখেছ? তিন যুগ আগে তিনি

টোকাই এঁকেই হয়েছেন খ্যাত টোকাই সকলে চিনি।

হাঁটছে টোকাই হাঁটছে

রাস্তার ধারে ডাস্টবিনে থাকা ময়লা খাবার ঘাঁটছে।

গা ঘেঁষে একটা কুকুর দাঁড়িয়ে টুকরো হাড্ডি চাটছে।

 

ছবি সে তো নয় কার্টুন এক

দ্যাখ তোরা দ্যাখ, চেয়ে চেয়ে দ্যাখ

আছে কী যে সেই আঁকাতে

বললেন তিনি, ভালো করে সেই

ছবিটার দিকে তাকাতে।

চেয়ে দেখলেন জ্ঞানীগুণী সব

তুললেন তারা এক কলরব

রনবীকে হবে চিনতে

আঁকো আঁকো ছবি, আঁকো রনবী

ছবিগুলো চাই কিনতে।

 

ছবি কিনে হবে কী যে লাভ বলো

বলেছে কজন? চলো যাই চলো

টোকাইকে কাছে টানি

টোকাইকে নিয়ে আর যেন কেউ

করে নাকো কানাকানি।

 

চার যুগ পার হয়েছে তবুও হাঁটছে টোকাই ঢাকাতে

হয়েছে কি কোনো পরিবর্তন টোকাই ছবিটি আঁকাতে?