টিকা নিয়ে কঠোর হচ্ছে ইইউ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৫২

অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধ

বিবিসি ও রয়টার্স

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করে বলেছে, তারা করোনা ভাইরাস টিকা রপ্তানির বিধি কঠোর করতে পারে। পরিকল্পনা অনুযায়ী যে পরিমাণ টিকা ২৭ সদস্য দেশের ব্লকটিতে (ইইউ) সরবরাহ করার কথা, তাতে কাটছাঁট করা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের জেরে ইইউ এমন মনোভাব প্রকাশ করেছে। ইইউর স্বাস্থ্য কমিশনার স্টেলা কেরিয়াকিডিস জানিয়েছেন, ‘নিজের নাগরিকদের সুরক্ষার প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেবে ইইউ।’ এদিকে অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডলসব্যাট ও বিল্ডের করা সংবাদ প্রত্যাখ্যান করেছে অ্যাস্ট্রাজেনেকা।

গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা ইইউকে জানিয়েছে, উত্পাদন সমস্যার জন্য পরিকল্পনা অনুযায়ী টিকা সরবরাহ করতে পারছে না তারা। সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ হয়ে অ্যাস্ট্রাজেনেকাকে ঐ ক্রয়াদেশ দিয়েছিল ইইউ। কিন্তু টিকা সরবরাহে ধীরগতির জন্য সমালোচনার মুখে পড়েছে তারা। ফাইজার-বায়োএনটেকের টিকা সরবরাহেও ঘাটতি তৈরি হওয়ায় ইইউয়ের কিছু সদস্য দেশে টিকাদান কর্মসূচির গতি কমে গেছে। এ কারণে কিছু দেশ আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে।

গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, তাদের উত্পাদনে সমস্যা হওয়ায় ইইউয়ের সদস্য দেশগুলোকে প্রাথমিকভাবে যে পরিমাণ ডোজ দেওয়ার কথা ছিল তার চেয়ে কম দিতে হবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্চের মধ্যে ইইউকে ৮ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। সরবরাহে কী পরিমাণ ঘাটতি তৈরি হবে তা নিয়ে কর্মকর্তারা প্রকাশ্যে মুখ না খুললেও ঐ কর্মকর্তা বলেছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে সরবরাহ হ্রাস পেয়ে ৩ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। অ্যাস্ট্রাজেনেকার টিকা এখন পর্যন্ত ইইউয়ের ?ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) অনুমোদন পায়নি। কিন্তু চলতি মাসের শেষ দিকেই এটি সবুজ সংকেত পাবে বলে ধারণা করা হচ্ছে। এক টুইটে কেরিয়াকিডিস জানিয়েছেন, সোমবার অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যে আলাপ হয়েছে ‘ব্যাখ্যার ঘাটতি ও স্বচ্ছতার অভাবের কারণে’ তা অসন্তুষ্টি তৈরি করেছে। তিনি বলেন, ‘ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ :টিকা উত্পাদনকারীদের সামাজিক ও চুক্তিবিষয়ক দায়বদ্ধতা রয়েছে যা তাদের বজায় রাখা উচিত।’