আলজাজিরা
নব্য নািসবাদের উত্থানের বিরুদ্ধে বিশ্ব জুড়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বের সর্ববৃহত্ নািস কনসেনট্রেশন ক্যাম্প পোল্যান্ডের আউশভিত্স মুক্ত হওয়ার ৭৬তম বার্ষিকীতে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে সোমবার তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, নব্য নািসবাদ ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের উত্থান ঠেকাতে জোটবদ্ধ হতে হবে। এ ধরনের একটি জোট গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। অভিবাসীভীতি, অ্যান্টি-সেমিটিজম এবং হেট স্পিচের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার তাগিদ দেন গুতেরেস। প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নািসদের কর্মকাণ্ডের বিষয়টি শিক্ষা কার্যক্রমে উল্লেখ করারও তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ তরুণই জানে না, হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। করোনা মহামারি দীর্ঘদিনের অন্যায়-অবিচার ও বিভেদকে আরো বাড়িয়ে তুলেছে বলেও উল্লেখ করে গুতেরেস বলেন, এটি দুঃখজনক হলেও অবাক হওয়ার মতো বিষয় নয় যে, মহামারি হলোকাস্ট অস্বীকার ও বিকৃতির বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি বলেন, ‘ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা সংগঠিত হচ্ছে। সীমান্ত পেরিয়ে তাদের মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে।’
