রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজিবপুরের জনজীবন। ভোর থেকে উপজেলার সর্বত্রই ঢেকে থাকছে ঘন কুয়াশায়। দিনের বেশির ভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। ফলে প্রচণ্ড ঠান্ডায় ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এদিকে প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল চরাঞ্চলের মানুষ। দিনমজুর মেহের বলেন, ঠান্ডার কারণে এক দিন কাজ করলে আরেক দিন কাজ করতে পারি না। কুড়িগ্রামের রাজারহাট কৃষি গবেষণা ও পর্যবেক্ষণাগারের দায়িত্বরত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। মাসের এ কয়েক দিন ঠান্ডার প্রকোপ এমনই থাকবে।
