ছোট ঋণ বিতরণ বাড়াতে লিড ব্যাংক ক্যালেন্ডার ঘোষণা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের জন্য ঋণ বিতরণ বাড়াতে ২০২১ সালের জন্য জেলাভিত্তিক ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গত রবিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে। কোন জেলায় কোন ব্যাংকের নেতৃত্বে থেকে ছোট ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে তা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর করণীয় সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব থেকে অর্থনীতিতে চাঙ্গা করতে সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল সরকার। কিন্তু বারবার তাগাদা দিয়ে এবং সময় বাড়িয়েও এই ঋণ বিতরণের গতি বাড়ানো যায়নি। ডিসেম্বর পর্যন্ত তহবিলের মাত্র অর্ধেক বিতরণ হয়েছে। এ অবস্থায় সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে জেলাভিত্তিক ‘লিড ব্যাংক’ নির্ধারণের মাধ্যমে এই ক্যালেন্ডার তৈরি করে দিল বাংলাদেশ ব্যাংক।