ইত্তেফাক রিপোর্ট
দেশের এভিয়েশন খাতে বেশ কিছু সমস্যা বিরাজ করছে। বিমানবন্দর অবকাঠামো, বিমানবন্দর ব্যবহারে উচ্চ হারে ফি, যন্ত্রাংশ আমদানিতে কর ও শুল্ক জটিলতা, জেট ফুয়েলের উচ্চমূল্য, উড্ডয়ন ও অবতরণে জটিলতা, লাইসেন্সিংসহ নানা সমস্যা রয়েছে এ খাতে। দেশের এভিয়েশন খাতের নানা সমস্যা ও করণীয় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-সিএএবি ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি যৌথভাবে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এওএবি প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
