স্পোর্টস রিপোর্টার
দেশের তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করার উদ্যোগ নিয়েছে বাফুফে। অনূর্ধ্ব-১৫ বছর বয়সের খেলোয়াড় খুঁজে ঢাকায় এনে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ৩০ জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। বাফুফে জানিয়েছে গোপালগঞ্জ থেকে সেই কার্যক্রম শুরু হবে। পালাক্রমে এটি জেলা বিভাগ হয়ে ঢাকায় চূড়ান্ত বাছাই হবে। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন মেয়েদের ফুটবলারদের জন্য যেভাবে দীর্ঘ মেয়াদি ক্যাম্প করা হচ্ছে ঠিক সেভাবে ছেলেদের ফুটবল প্রশিক্ষণের জন্য ক্যাম্প করা হবে। সালাহউদ্দিন বয়স নির্ধারণে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। দেশ জুড়ে বাছাই কার্যক্রম শেষ হয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত বাছাই। যারা চূড়ান্ত বাছাইয়ে টিকবেন তাদের একাডেমিতে রেখে উন্নত প্রশিক্ষণ দিয়ে ফিফা এবং এএফসি কাপের যেসব খেলা হবে সেখানে দল পাঠানো হবে। এখান থেকেই বিভিন্ন দল গড়ে উঠবে বলে জানায় বাফুফে।
