খোলা জায়গায় বর্জ্য!

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৪৩

পার্বত্য জেলা বান্দরবানের দুটি পৌরসভার একটি বান্দরবান। এখানে স্থায়ী ও পরিবেশবান্ধব কোনো ডাম্পিং স্টেশন না থাকায় পুরো পৌর এলাকার সব ডাস্টবিন থেকে সংগৃহীত বিপুল পরিমাণ আবর্জনা, পরিত্যক্ত পলিথিন-প্লাস্টিকসহ বিভিন্ন জিনিস ফেলা হচ্ছে একাধিক উন্মুক্ত স্থানে। সবচেয়ে বেশি বর্জ্য জমা করা হয় সদর ও রোয়াংছড়ি উপজেলার প্রধান সংযোগ সড়কের পাশে! প্রতিদিন ঐ পথে স্বাস্থ্য সচেতন অনেক মানুষ সকালে বা বিকালে হাঁটেন। মারাত্মক দুর্গন্ধ এবং পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক  পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস। এছাড়াও গরু ও ছাগলের মাধ্যমে ময়লায় সয়লাব সড়ক।

সম্প্রতি বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক হুমকি মোকাবিলায় পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিভিন্ন প্রকল্প চলমান। পরিবেশবাদী সংগঠনগুলোও এই গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ সোচ্চার। এ অবস্থায়, পরিত্যক্ত বর্জ্য ব্যবস্থাপনায় বান্দরবান পৌরসভার এমন পরিবেশঘাতী কার্যক্রম সত্যিই দুঃখজনক।

পরিত্যক্ত ময়লা-আবর্জনা বিকল্প শক্তি বায়োগ্যাস উত্পাদনের অন্যতম কাঁচামাল হিসেবে এবং পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন নতুন পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহারযোগ্য। সময়ের চাহিদা পূরণ, পরিবেশের মূল্যবান বিশুদ্ধতা রক্ষা করে শহরকে সবুজ রাখার নিমিত্ত ময়লা ও যাবতীয় পরিত্যক্ত জিনিস তথা বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে কোনো মূল্যে পরিবেশবান্ধব ও উন্নত ডাম্পিং  স্টেশন স্থাপনের উদ্যোগ নিতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক, বনরুপা পাড়া, সদর, বান্দরবান