চিনি আমাদের দৈনন্দিন জীবন সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। মিষ্টি জাতীয় বিভিন্ন খাবার তৈরিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাদা চিনি ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞদের মতে, সাদা চিনি ডায়াবেটিস, হার্ট অ্যাটাক ও লিভার বিকলসহ নানাধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে এসব রোগ থেকে বাঁচতে লাল চিনি স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী। লাল চিনি হলো সরাসরি আখ থেকে তৈরি অপরিশোধিত চিনি। কিন্তু দেশে উত্পাদিত এই লাল চিনির চাহিদা একেবারে নেই বললেই চলে। বর্তমানে বাজারে পর্যাপ্ত লাল চিনি থাকলেও ক্রেতারা ঘুরেফিরে সাদা চিনি কিনছেন। এ অবস্থায় ব্যবসায়ীরাও লাল চিনি বিক্রির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। বাজারে লাল চিনি তেমন বিক্রি না হওয়ায় ঠিকভাবে বেতন পাচ্ছেন না চিনিকলের কর্মচারীরা। ফলে মানবেতর জীবনযাপন করছেন অনেক চিনিকলের শ্রমিক। এছাড়া লোকসানে জর্জরিত সরকারি-বেসরকারি অনেক চিনিকল এখন বন্ধ হওয়ার পথে। বাংলাদেশের চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের তথ্য অনুযায়ী, কেবল গেল অর্থবছরেই দেশের সরকারি খাতের চিনি কলগুলোতে লোকসানের অঙ্ক ছিল ৯৭০ কোটি টাকা। তাই দেশের চিনিকলের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদের লাল চিনি কেনা উচিত। তাহলে দেশে ও দেশের মানুষ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
আরিফুল ইসলাম
শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বন্দর কলেজ
