সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানিয়েছেন, দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি, এ হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এতথ্য দেন।
ওবায়দুল কাদের জানান, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পদ্মা সেতুর কাজ শেষ হবে ২০২২ সালের জুনে :জাতীয় পার্টির (জাপা) এমপি লিয়াকত হোসেন খোকার প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। বৈশ্বিক মহামারির কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাতদিন কাজ হলেও কোভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিল। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় ১ হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।
রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩ হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।
রেলওয়ের অব্যবহূত জমি ব্যবহারে
‘ল্যান্ড ইউজ প্ল্যান’: রেলপথমন্ত্রী
এদিকে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংসদকে জানান, রেলওয়ের অব্যবহূত জমি ব্যবহারের জন্য ‘ল্যান্ড ইউজ প্ল্যান’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জাপার শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলওয়ের ৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭৯টি সম্পন্ন হয়েছে।
পাট ব্যবসায়ীদের বকেয়া ২০২১-২২
অর্থ বছরে পরিশোধ হবে :পাটমন্ত্রী
বিএনপির মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, পাটকল শ্রমিকদের পাওনা বাবদ ইতিমধ্যে ১ হাজার ৫৫৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় সমপরিমাণ পাওনা সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হচ্ছে। পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা ২০২১-২২ অর্থ বছরে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।
