বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত্ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বত্সর। তিনি ১৯৭২ হতে ১৯৭৩ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নিকটাত্মীয়স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার বাদ যোহর নৌ সদর দপ্তর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর ফার্স্ট চিফ অব নেভাল স্টাফ ক্যাপ্টেন অব. নুরুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
