রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২২:২৫

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ জাবেদ (২০) নামে একজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৪ ব্লকের বাসিন্দা এবং রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসলামের ছেলে। গত সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক।  ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, গত সোমবার রাতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী সদস্য ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় পালংখালীর ঘোনারপাড়া এলাকায় নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত-আট জনের একটি সশস্ত্র দল তাদের পথ রোধ করে। তাদের রাতের বেলায় রোহিঙ্গা শিবিরসংশ্লিষ্ট এলাকায় ঘোরাঘুরি না করতে নিষেধ করে। এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যে তিন-চার রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ঐ সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা সন্ত্রাসী মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।