চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালীতে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. তানভীর সিকদার (২৪) নিহত হয়েছেন। গতকাল উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ভোলার ঘাটা এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। তানভীর উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের আবু শামা মো. ইউসুফ সিকদারের পুত্র।
ব্রাহ্মণবাড়িয়া : পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। সদর উপজেলার ভাটপাড়া ও সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে পথচারী আবু সায়েদ (৮০) নিজ বাড়ির সামনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। সরাইলে নিহত সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে হাকিম মিয়া (২৪) পিকআপ উলটে নিহত হন।
ফরিদপুর (পাবনা) : ফরিদপুর-ভাঙ্গুড়া সড়কে সিএনজির ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যান চালক সিরাজুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। গতকাল ফরিদপুর গোডাউনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক সিরাজুল ইসলাম উপজেলার সাভার গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় গত সোমবার সন্ধ্যায় মালবাহী ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলো কামরুল হাসান সবুজ (২৪) ও আরিফ হোসেন (২৫)। সবুজ মোহাম্মদপুর গ্রামের আব্দুল মোতালেব ও আরিফ হোসেন জগন্নাথপুর গ্রামের জয়নাল আবেদীন খোকনের ছেলে। তারা হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র। মোটরসাইকেল চালক আহত ইব্রাহীম কামরুল ও আরিফকে নিয়ে তার নানার বাড়িতে জানাজা অনুষ্ঠানে যাচ্ছিলেন।
জামালপুর : জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় আব্দুল সোবহান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার চিকারপাড়া এলাকার বাসিন্দা।
মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় জমি চাষের সময় ট্রাক্টর চাপায় সজল হাওলাদার (২৭) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সজল উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের বাসিন্দা।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইলে ঘন কুয়াশায় একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে হাকিম (২৪) নামে এক চালক নিহত হন। গত সোমবার সরাইল-নাসিরনগর মহাসড়কের সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাকিম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মনু মিয়ার ছেলে।
