নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলায় দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজাহারুল আনামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে মাজাহারকে দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন মাজাহারুল আনামের স্ত্রী ফিরোজা পারভীন। মামলায় সাত জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—কামরুল ইসলাম, মাকসুদ আনাম, মিলি, ফুয়াদ, সাগর সরকার ও নাজমা আক্তার মুন্নি।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৮ সালে মাজাহারুল আনামের সঙ্গে বিয়ে হয় ফিরোজা পারভীনের। তাদের ১১ বছর বয়সি এক ছেলেও আছে। বিয়ের পর ব্যবসার কথা বলে মাজাহার ফিরোজা পারভীনের বাবার পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা এনেছিলেন। সম্প্রতি আরো ১০ লাখ টাকা যৌতুক আনার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিলেন।
তিনি অভিযোগ করেন, যৌতুকের জন্য গত বছরের ১২ ডিসেম্বর ফিরোজা পারভীনকে মারধর করা হয়। পরবর্তী সময়ে ফিরোজা পারভীনের ভাই ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিত্সা করায়। আপসের উদ্দেশ্যে গত ২৫ জানুয়ারি মাজাহারুল আনামের বাসায় যান ফিরোজা। যৌতুকের টাকা না নিয়ে বাসায় ঢোকায় মাজাহারুল আনাম চুলের মুঠি ধরে ফিরোজাকে কিল-ঘুসি ও লাথি মারে এবং লাঠি দিয়েও আঘাত করে। এ সময় অন্য আসামিরাও মারধর করে বলে ফিরোজা মামলার এজাহারে উল্লেখ করেছেন।
