মার্কিনিদের বাংলাদেশ ভ্রমণে পকেটমার থেকে সাবধান থাকার পরামর্শ!

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০০:৩৪

বাংলাদেশ ভ্রমণের সময় মার্কিনিদের জনবহুল এলাকায় পকেটমারের মতো ছোটোখাটো অপরাধের বিষয়ে সচেতন থাকার জন্য বলা হয়েছে। তবে জাতীয়তার ওপর নির্ভর করে বাংলাদেশে বিদেশিদের ওপর হামলার কোনো আভাস নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ করা সতর্ক বার্তায় বাংলাদেশ ভ্রমণে তৃতীয় ধাপের সতর্কতা জারি করে এ পরামর্শ দেওয়া হয়েছে। চতুর্থ ধাপের সতর্কতা হিসেবে মার্কিনিদের নির্দিষ্ট দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। করোনা মহামারির কারণে মার্কিনিদের বাংলাদেশ ভ্রমণের বিষয়টি আবারও বিবেচনার জন্য পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তায় বলা হয়েছে, করোনার কারণে বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বাংলাদেশ ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যাবসায়িক কার্যক্রমও চালু হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের কোভিড-১৯ পেজ দেখতে বলা হয়েছে।

করোনা মহামারির কারণে ভ্রমণের বিষয়টি বিবেচনার পাশাপাশি, অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণের মতো বিষয়ে অতি সতর্ক থাকতে বলা হয়েছে। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে এমনিতেই বিদেশিদের ওপর অপরাধের নজির কম। বাংলাদেশের পার্বত্য জেলায় সাম্প্রদায়িক সহিংসতার কারণে পর্যটকদের ভ্রমণ বিপজ্জনক হতে পারে।

একই দিন জারি করা পৃথক বার্তায় মার্কিনিদের আফগানিস্তানে ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পরামর্শ দেওয়া হয়েছে।