চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার ভোটগ্রহণ। এতদিন কিছু না জানালেও ভোটের আগের রাতে গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা জানাল, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাপা কোনো পক্ষকেই সমর্থন করেনি।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দলের উদ্যাপন কমিটি গঠন করেছে জাপা। জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশনায় উদ্যাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে, আর সদস্যসচিব চেয়ারম্যানের বিশেষ সহকারী ও দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। যুগ্ম আহ্বায়করা হলেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, সৈয়দ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী এবং চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের।
