বিনোদন রিপোর্ট
প্রথমবারের মতো সকাল আহমেদের পরিচালনায় মোশাররফ করিম ও জাকিয়া বারি মম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘গরম ভাতের গন্ধ’। নাটকটি রচনা করেছেন ইশরাত আহমেদ। গরম ভাতের গন্ধ নাটকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ বলেন, ‘গরম ভাতের গন্ধ, নাম শুনলেই সহজে বুঝতে পারার কথা এটা একটু অন্যরকম গল্পের নাটক। গল্পটা আপাতত বলতে চাচ্ছি না। শুধু এতটুকুই বলি, মোশাররফ করিমকে দর্শক এই নাটকে নতুনভাবে আবিষ্কার করবেন। সঙ্গে মমর অসাধারণ অভিনয়ও দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’ সকাল আহমেদ জানান বঙ্গবিডি, দীপ্ত টিভি, এনটিভি, বাংলাভিশন ও এনটিভি নাটকটি প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে একটি অসাধারণ স্ক্রিপ্টে আমরা কাজ করেছি। মাঝে মাঝে আমি অন্য গল্প খুঁজি। এটা ঠিক তেমনি অন্য গল্পের একটি নাটক। গরম ভাতের গন্ধ নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়েই মূলত এই নাটক। আমাদের জীবনের গল্পের বাইরের কোনো গল্প নয়। নাটক দেখে যারা আসলেই ভাবিত হতে চায় তাদের ভাবনার খোরাক হতে পারে এই নাটক। সকাল আহমেদের নির্দেশনায় যতগুলো কাজ করেছি তার সবগুলোই খুব ভালো হয়েছে। ছোটবেলা থেকেই আমি চাপে থাকতে পছন্দ করি না। কিন্তু আমি সবসময় চাপেই থাকি। যে কারণে সবসময় সকালের নির্দেশনায় কাজ করা হয়ে ওঠে না। আর মম নিঃসন্দেহে খুব ভালো অভিনেত্রী। তাদের সঙ্গে সবসময়ই কাজ চমত্কার হয়ে ওঠে।’ মম বলেন, ‘শুরুতেই ইশরাতকে অনেক ধন্যবাদ একটি চমত্কার গল্প লেখার জন্য। আমাদের সাধারণ অনেক নাটকের গল্পের মধ্যে এটি একটি অসাধারণ গল্পের নাটক। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করি। মোশাররফ ভাই, সকাল ভাই খুবই ফ্রেন্ডলি। এমন পরিবেশে কাজ করা সত্যি আনন্দের। কাজটি খুব ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন মাসুম বাশার, শেলী আহসানসহ অনেকে। নাটকটিতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন নেহাদ, মেকাপ আর্টিস্ট হিসেবে রবি এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন বিল্লাল।
