এবার গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা!

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৬

বিনোদন ডেস্ক

 

করোনার প্রভাব কিছুটা কমতেই বলিউড তারকারা গাঁটছড়া বাঁধার দিকে মনোযোগ দিচ্ছেন। সেই তালিকায় এবার নতুন যোগ হচ্ছে জনপ্রিয় তারকার শ্রদ্ধা কাপুরের নাম! সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান দীর্ঘদিনের প্রেমিকা নাতাশার সিঁথিতে সিঁদুর দিয়েছেন। আর সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই তার দেখানো পথে হাঁটতে যাচ্ছেন শ্রদ্ধা। তিনিও বরুণের মতো দীর্ঘদিনের বন্ধু রোহান শ্রেষ্ঠার গলায় মালা পরাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

জানা গেছে, সম্প্রতি বরুণ-নাতাশাকে বিয়ের শুভেচ্ছা জানান শ্রদ্ধার বিশেষ বন্ধু রোহন। তার শুভেচ্ছা পেয়ে পাল্টা প্রশ্ন করে বসেন বরুণ। শ্রদ্ধার সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়ার জন্য তিনি প্রস্তুত কি-না—এমন প্রশ্ন ছুঁড়ে দেন তার দিকে। এতেই বলিপাড়া থেকে নেট দুনিয়া, সর্বত্রই শুরু হয়েছে জোর গুঞ্জন। শিগগিরই হয়তো তারা সানাইয়ের সুর বাজাবেন। যদিও শ্রদ্ধা ও রোহন কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তবে বিষয়টি তারা এড়িয়ে গেলেও অনেকেই এ নিয়ে মন্তব্য করছেন। কেউ বলছেন, বিয়ে নিয়ে লুকোচুরি খেলছেন শ্রদ্ধা। অনেকে আবার শ্রদ্ধার সম্পর্ক ও বিয়ের খবরে শক্তি কাপুরের মন্তব্যকে তুলে ধরে সমালোচনা করা শুরু করেছেন। কিছুদিন আগেই শ্রদ্ধার বিয়ে নিয়ে শক্তি কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শ্রদ্ধা নিজের পছন্দের কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। মেয়ের পছন্দে আমার কোনো আপত্তি নেই।’ তবে শ্রদ্ধা কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সেই বিষয়ে শক্তি কাপুরকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।