বেইলি সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩২

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ-মৌলভীর দোকান সড়কের ডলু নদীর বেইলি সেতুর পাটাতন ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেইলি সেতটি ঐ এলাকার বিশাল জনগোষ্ঠীর যোগাযোগের একমাত্র মাধ্যম। এ সেতু দিয়ে বাঁশখালী উপজেলার চাঁদপুর, চরতি, ব্রাহ্মণডাঙ্গা, দ্বীপ চরতি, আমিলাইষ, কাঞ্চনা ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে। এছাড়া সাতকানিয়া সরকারি কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজ, জাফর আহমদ চৌধুরী কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত রয়েছে। শুধু তাই নয়, এ সড়কের বেইলি সেতুটি আমিলাইষ, চরতি ও কাঞ্চনা ইউনিয়নে উত্পাদিত মৌসুমি সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য উপজেলা সদরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করতে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহূত হয়। সেতুটির পাটাতন উপড়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঐ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করবে বলে এলাকাবাসী জানান। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে সেতুর পাটাতন উপড়ে পড়ার কারণে ঐ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে কোনোরকমে ভাঙা সেতুর ওপর দিয়ে এলাকাবাসী পায়ে হেঁটে জরুরি কাজে যাতায়ত করছেন। এলাকাবাসীর অভিযোগ আমিলাইষ ইউনিয়নের একটি ভূমিদস্যু ও বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ডলু খালে এ বেইলি সেতুর পাশ থেকে বালু উত্তোলন করে আসছিল এবং বালুবাহী ভারী ট্রাক নিয়মিত ঐ সেতুর ওপর দিয়ে চলাচল করার ফলে সেতুটি নড়বড়ে হয়ে যায়। বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলেও ঐ সিন্ডিকেটের লোকজন প্রভাবশালী হওয়ার কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন বলেন, ভেঙে যাওয়া সেতুটি পরিদর্শন করেছি। খুব শিগিগরই সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।