প্রতীক পেলেন নরসিংদী ও মাধবদীর মেয়র পদপ্রার্থীরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৩

নরসিংদী প্রতিনিধি

চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রতীক নেন। নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এস এম কাইয়ূম (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুল হক (হাতপাখা) প্রতীক পেয়েছেন। অপরদিকে মাধবদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক (নৌকা), বিএনপি মনোনীত মো. আনোয়ার হোসেন (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনির হোসেন শামিম (হাতপাখা) প্রতীক পেয়েছেন। এছাড়া নরসিংদী পৌরসভায় কাউন্সিলর পদে ৫৮ জন এবং মাধবদী পৌরসভায় কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাঙ্গামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ৫

রাঙ্গামাটি প্রতিনিধি  জানান, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটি নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে রাঙ্গামাটি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রার্থীদের মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেন। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে লড়ছেন মেয়র পদে পাঁচ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ কাউন্সিলর ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৯ জন রয়েছেন। মেয়র পদে বৈধ প্রার্থী রয়েছে পাঁচ জন। তারা হলেন—আওয়ামী লীগের নৌকা প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির ধানের শীষ প্রার্থী মামুনুর রশীদ মামুন, জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রার্থী আব্দুল মান্নান রানা ও স্বতন্ত্র মোবাইল প্রার্থী অমর কুমার দাশ। রাঙ্গামাটি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, ২৮ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।