বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছে মিশর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের নির্মাণ তথা অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছে মিশর। এ সম্ভাবনা কাজে লাগাতে উভয় দেশ সরকারি ও বেসরকারিভাবে এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হিথাম গোবাসি। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগকারীদের মিশরে বিনিয়োগের আহ্বানও জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পণ্য রপ্তানিতে মিশর শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করলে তারাও এ সুবিধা নিতে পারবে। এছাড়া করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহের কথা জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশের সহায়তা কামনা করেন তিনি। এ সময় ডিসিসিআই বাংলাদেশের দক্ষ মানবসম্পদকে মিশরের ই-কমার্স খাতে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ হতে আরো বেশি হারে সুতা, অর্গানিক কেমিক্যাল, গার্মেন্টস পণ্য, পাদুকা, প্লাস্টিকজাত পণ্য, ওষুধ, হোম টেক্সটাইল এবং সিরামিক পণ্য আমদানির প্রস্তাব করেন। ডিসিসিআই সভাপতি সরকারের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিনিয়োগেরও আহ্বান জানান।