হোমসেন্ড ক্রস বর্ডার রেমিট্যান্স সেবা উদ্বোধন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৬

বাংলাদেশের ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম বা আর্থিক সেবা খাতে ক্রস-বর্ডার অর্থ স্থানান্তর প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে বিকাশ ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) সহায়তায় রেমিট্যান্স বা প্রবাসী আয়-সংক্রান্ত সেবা প্রদানকারী প্ল্যাটফরম হোমসেন্ডের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে মাস্টারকার্ড। এর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ডিবিবিএলের মাধ্যমে দেশের ৪০ মিলিয়ন বা ৪ কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী (এমএফএস) দেশের বৃহত্তম প্রতিষ্ঠান বিকাশের ৫০ মিলিয়ন বা ৫ কোটি অ্যাকাউন্ট এ সরাসরি রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাতে পারবে। এই এমএফএস সেবায় বিকাশের ব্যাংকিং ও সেটেলমেন্ট  কার্যক্রমের পার্টনার হচ্ছে ব্যাংক এশিয়া। মাস্টারকার্ড এবং ওয়ামেজার একটি যৌথ উদ্যোগ হলো ‘হোমস্যান্ড’, যেটি বিজনেস টু বিজনেস ক্রস বর্ডার এবং ক্রস নেটওয়ার্কে সহজে লেনদেন করতে সক্ষম। ক্রস বর্ডার পেমেন্টের ক্ষেত্রে গোটা বিশ্বকে সংযুক্ত করার মাধ্যমে স্বল্প খরচে নিরাপদ ও সহজ উপায়ে অর্থ স্থানান্তরই এর লক্ষ্য। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আবুল কাশেম মো. শিরিন বলেন, আর্থিক সেবার ক্ষেত্রে এটি একটি উদ্ভাবনী উদ্যোগের উদাহরণ এবং রেমিট্যান্স আহরণ ও বিতরণে বিপ্লক ঘটাবে। বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে চালু হওয়া এই সেবা দেশের অর্থনীতিতে প্রবাসী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। —প্রেস বিজ্ঞপ্তি