এবারো শীর্ষে কাউছ মিয়া
ইত্তেফাক রিপোর্ট
তামাক ব্যবসায়ী ও হাকিমপুরি জর্দ্দার মালিক হাজী কাউছ মিয়া অতীতের বছরগুলোর ন্যায় এবারও ব্যবসায়ী ক্যাটাগরিতে শীর্ষ করদাতার তালিকায় নাম লিখিয়েছেন। ২০১৯-২০ করবর্ষে শীর্ষ করদাতার এ তালিকা সম্প্রতি প্রকাশ করেছে সরকার। এর আগে গত কয়েক বছর ধরে তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে শীর্ষ করদাতার সম্মাননা পেয়ে আসছিলেন। এর পর থেকে তাকে নিয়ে গণমাধ্যমে বিস্তর লেখালেখি হচ্ছে। বিশেষত জর্দ্দার ব্যবসায়ী হয়ে শীর্ষ করদাতা হলেও অনেক বড় ব্যবসায়ী কেন সেরা করদাতার তালিকায় আসতে পারছেন না—সে প্রশ্ন উঠেছে। অন্যদিকে তামাকের ব্যবসা করেও সেরা করদাতার স্বীকৃতি দেওয়া নিয়ে আপত্তি রয়েছে কারও কারও। এ নিয়ে একাধিকবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করেছে তামাকবিরোধী সংগঠনগুলো। গত বছরও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে গতবার পুরস্কার প্রদানকালে এর জবাব দিয়েছিলেন তত্কালীন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। এবার কাউছ মিয়া ছাড়াও ব্যবসায়ী তালিকায় তার পরে অবস্থান করছেন সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ সৈয়দ আবুল হোসেন, ব্যাংক মালিকদের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার, মো. নূরুজ্জামান খান ও মোহাম্মদ কামাল।
প্রকাশিত তালিকা অনুযায়ী জাতীয় পর্যায়ে ব্যক্তি করদাতাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৬ জন, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগিগরই এসব শীর্ষ করদাতাদের সম্মাননা তুলে দেবে এনবিআর। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বল্প আনুষ্ঠানিকতায় এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
