পুঁজিবাজারে তারল্য বাড়াতে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়বে আইসিবি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তারল্য বাড়াতে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়বে সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মঙ্গলবার বিএসইসির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশি টাকায় আইসিবির বন্ডের আকার হবে ৮ হাজার ৫০০ কোটি টাকা। এই বন্ডে বিনিয়োগ করবে বিদেশি একটি ব্যাংক। এর মধ্যে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়ে আইসিবি ঋণ শোধ করবে। বাকি টাকার মধ্যে ৪ হাজার কোটি টাকা ৫ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে দেওয়া হবে। এই টাকা দিয়ে তারা ১২ শতাংশ সুদে বিনিয়োগকারীদের ঋণ দেবেন। বাকি দেড় থেকে ২ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। বিএসইসি জানিয়েছে, গত বছরের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তত্কালীন বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনের বৈঠকে পুঁজিবাজারকে গতিশীল করতে ছয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেই ছয় নির্দেশনার মধ্যে একটি ছিল মার্চেন্ট ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণসুবিধার বিষয়টি পর্যালোচনা করা। এই নির্দেশনার আলোকে আইসিবির বিনিয়োগসক্ষমতা বৃদ্ধি ও বাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য স্বল্পসুদের ঋণের ব্যবস্থা করতে আইসিবির পক্ষ থেকে এ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

০