ফাওয়াদের সেঞ্চুরিতে পাকিস্তানের লিড

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

একদিনের ভেতরই উলটো রথে হাঁটল করাচি টেস্ট। প্রথম দিন যেখানে ১৪ উইকেটের পতন হয়েছিল, সেখানে দ্বিতীয় দিনে উইকেট পড়ল মাত্র চারটি। এর পেছনে মূল কৃতিত্ব ফাওয়াদ আলমের। বাঁহাতি এই ব্যাটসম্যানের সেঞ্চুরিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান। ৮৮ রানে এগিয়ে থেকে ৮ উইকেটে ৩০৮ রানে দ্বিতীয় দিন শেষ করে বাবর আজমের দল।

অথচ প্রথম দিন শেষে ব্যাটিং বিপর্যয় চোখ রাঙানি দিচ্ছিল স্বাগতিকদের। প্রোটিয়াদের করা ২২০ রানের জবাবে ২৭ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে গতকাল এর বিন্দুমাত্র ছাপ পড়তে দেননি ৩৩ রানে দিন শুরু করা আজহার আলী ও ফাওয়াদ। যে কারণে লাঞ্চ পর্যন্ত উইকেটহীন থাকেন প্রোটিয়ারা। ৯৪ রানের জুটি ভেঙে সফরকারী অধিনায়ক কুইন্টন ডি ককের মুখে হাসি ফোটান কেশভ মহারাজ। তবে তা অল্প সময়ের জন্যই। একপ্রান্ত আগলে রেখে  অনায়াসেই সেঞ্চুরি তুলে নেন ফাওয়াদ। তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান ও ফাহীম আশরাফ।  সেঞ্চুরি উদ্যাপনে ১০ আঙুল তুলে বুঝিয়ে দেন তাকে ১০ বছর ব্রাত্য রেখে যেন ভুলই করেছেন নির্বাচকেরা ! সেঞ্চুরির পর অবশ্য অল্পতেই থামেন ফাওয়াদ। লুঙ্গি এনগিডির বলে মিডউইকেটে টেম্বা বাভুমার হাতে ধরা পড়েন তিনি।  ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি ২৪৫ বলে ৯ চার ও ২ ছয়ে ১০৯ রানে সাজান এই ব্যাটসম্যান। ফাওয়াদের পর ফিফটি তুলে নেন ফাহীমও।  ৬৪ রানে অ্যানরিখ নরকিয়ার বলে থামেন তিনি। তবে ৩০০ পার করতে সমস্যা হয়নি পাকিস্তানের। নবম উইকেটে অবিচ্ছিন্ন ১৩ রানের জুটিতে ক্রিজে আছেন হাসান আলী (১১) ও নমান আলী (৬)। 

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২০

পাকিস্তান ১ম ইনিংস: ১০৭ ওভারে ৩০৮/৮ (আজহার ৫১, ফাওয়াদ ১০৯, রিজওয়ান ৩৩, ফাহিম ৬৪, হাসান ১১*, নমান ৬*; রাবাদা ৪৫-২, নরকিয়া ৮৪-২, এনগিডি ৫৫-২)