আবার হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

তিন সপ্তাহের ভেতর দুইবার হাসপাতালে ভর্তি হতে হলো ভারতের সাবেক অধিনায়ক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথায় গতকাল ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দ্রুতই চলে যান কলকাতার অ্যাপোলো হাসপাতালে। গতকাল শেষ খবর পাওয়ার পর্যন্ত তার অবস্থা এখনো স্থিতিশীল।

ইতিমধ্যে হাসপাতালে কয়েকটি পরীক্ষা করিয়েছেন সৌরভ। তাতে তার ইকো এবং ইসিজিতে সমস্যা ধরা পড়েছে, আজ করানো হবে এনজিওগ্রাম।

এর আগে, গত ২ জানুয়ারি ট্রেডমিলে দৌড়তে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। হাসপাতালে নেওয়ার পর জানা যায় মৃদু হূদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি ধমনীতে ব্লক ধরা পড়ে তিনটি। একটি ব্লকে স্টেন্ট বসানো হলেও প্রখ্যাত হূদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শ অনুযায়ী বাকি দুটিতে স্টেন্ট বসানোর প্রয়োজন পড়েনি। পাঁচ দিন হাসপাতালে থেকে ৭ জানুয়ারি বাড়ি ফেরেন সৌরভ। তখন তার শারীরিক অবস্থার খোঁজ নেন ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদিসহ বিভিন্ন ব্যক্তিবর্গরা।