ইংলিশ প্রিমিয়ার লিগ
স্পোর্টস ডেস্ক
দুর্দান্ত ছন্দে থাকা ইকাই গুন্দোগানের জোড়া গোলে ভর করে মঙ্গলবার ওয়েস্ট ব্রম আলবিয়নকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
হওথর্ন স্টেডিয়ামকে গোলবন্যায় ভাসানো ম্যান সিটি মঙ্গলবার গোলের খাতা খুলে গুন্দোগানের গোলেই। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেওয়া এক শটে ওয়েস্ট ব্রম গোলরক্ষককে পরাস্থ করেন এই মিডফিল্ডার। ৩০তম মিনিটে আবার গোলের দেখা পান তিনি। একসময় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা গুন্দোগান এই মৌসুমে হঠাত্ করে যেন হয়ে উঠেছেন সিটির ‘গোলমেশিন’। ৭ গোল নিয়ে এখন লিগে সিটির সর্বোচ্চ গোলের মালিক এই জার্মান। বলতে গেলে সিটি কিংবদন্তি ডেভিড সিলভা ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর শূন্যস্থান বর্তমানে একাই পূরণ করছেন তিনি। ম্যাচে ওয়েস্ট ব্রমের জালে আরো বল জড়িয়েছেন জোয়াও ক্যান্সেলো, রিয়াদ মাহরেজ ও রহিম স্টার্লিং। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে আপাতত টেবিলের শীর্ষে উঠেছে সিটি।
দিনের অন্য ম্যাচে পিছিয়ে পরেও সাউদাম্পটনের বিপক্ষে সহজ জয় পেয়েছে মিকেল আরতেতার আর্সেনাল। সেইন্ট ম্যারি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই স্টুয়ার্ট আর্মস্টংয়ের গোলে সাউদাম্পটন এগিয়ে গেলেও ম্যাচে ফিরতে দেরি করেনি আর্সেনাল। ৫ মিনিটের মধ্যেই গ্র্যানেট শাকার পাস থেকে গোল করে সমতা ফেরান নিকোলা পেপে। ৩৯ মিনিটে তরুণ উইঙ্গার বুকায়ো সাকা গোল পেলে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে সাকার ক্রস থেকেই গোল করে দলের জয় নিশ্চিত করেন আলেক্সান্দ্রে লাকাজেট। এই জয়ে পয়েন্ট টেবিলে সাতে উঠে এসেছে আর্সেনাল। ম্যাচশেষে ‘ব্যক্তিগত কারণে’ বাইরে থাকা দলীয় অধিনায়ক পিয়ের এমেরিক অবামেয়াংয়কে এই জয় উত্সর্গ করেছেন ম্যানেজার মিকেল আরতেতা।
