সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সড়ক পারাপারের সময় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত বৃদ্ধার নাম রাবেয়া খাতুন। লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। রাবেয়া খাতুন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টান বালাকী গ্রামের নুরু হাজির স্ত্রী। তিনি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের সামনে গতকাল সকাল ৯টার দিকে সড়ক পার হচ্ছিলেন বৃদ্ধা রাবেয়া খাতুন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী লরির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে বৃদ্ধা মারা যান।
