টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে গতকাল বুধবার পৃথক অভিযানে হত্যা মামলার আসামি ও বিদেশি পিস্তল ও ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব ও থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে টিঅ্যান্ডটি বাজার এলাকা থেকে সুমন ওরফে পাংকু সুমন ও রায়হান নামে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৬ জানুয়ারি দুপুরে মরকুন এলাকায় র্যাব ও পুলিশের সোর্স জাকির হোসেনকে হত্যার সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে টিঅ্যান্ডটি কলোনি গেট থেকে র্যাব ১-এর সদস্যরা একটি ম্যাগজিনে ভরা দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ ইব্রাহিম খলিল অপু ও সুমন মিয়াকে ১৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করে।
