করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ১৯২ টি দেশে ২১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে আক্রান্ত এবং মৃত্যু হয়ে যুক্তরাষ্ট্রে। আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটি এই তথ্য জানিয়েছে। খবর ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার
করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার এক বছর ২৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ১০ কোটি ছাড়ায়। যুক্তরাষ্ট্রে আড়াই কোটির বেশি মানুষ আক্রান্ত এবং মারা গেছে চার লাখ ২০ হাজারের বেশি। ভারতে ১ কোটি ৬ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছে এবং প্রাণ গেছে ১ লাখ ৫৩ হাজার ৭২৪ জনের। ব্রাজিলে ৮৯ লাখ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার মানুষের।
রাশিয়ায় ৩৭ লাখ ৩৯ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ৯১৮ জনে ঠেকেছে। দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। সেখানে করোনা হানা দিয়েছে ৩৬ লাখ ৭০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯৮ হাজার ৫৩১ জনের। ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ লাখ ৫৮ হাজার যার মধ্যে প্রাণ ঝরেছে ৭৩ হাজার ৪৯৪ জনের। ইতালিতে ২৪ লাখ ৭৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং প্রাণহানি ঘটেছে ৮৫ হাজার ৮৮১ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
