অবশেষে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার কমিশনের বিশেষ সভায় লিখিত পরীক্ষার ফলাফল অনুমোদনের পর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে :Format: PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number-সহ Passed for general Cadres/general and Tecnical-Professional Cadres/Technical Cadres অথবা Failed হিসেবে ফলাফল পাওয়া যাবে। Example: PSC ৪০ ১২৩৪৫৬ send to ১৬২২২। মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। এবার প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র জমাদানের সময়সীমা দুই মাস বৃদ্ধি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টার পরিবর্তে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনর্নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্ভাব্য ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
গতকাল পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (৩ এপ্রিল ৬টা পর্যন্ত) এসএমএসের মাধ্যমে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পিএসসি সংশ্লিষ্টরা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সময় বাড়ানোর আহ্বানকে গুরুত্ব দিয়ে আরো দুই মাস আবেদন করার সময় বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দেয় ইউজিসি। পিএসসি চেয়ারম্যান বরাবর ইউজিসির পক্ষে কমিশনের সচিব স্বাক্ষরিত চিঠিতে আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়।
গত ৩০ নভেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এটি হবে সাধারণ বিসিএস। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। গত ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।
