নেত্রকোনার মদনে চাচাতো বড় বোনকে বিয়ে না দেওয়ায় ছোট বোনকে (১০) ধর্ষণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিবেশী সমুজ আলীর ছেলে জাকিম মিয়ার (২২) বিরুদ্ধে। ধর্ষণের শিকার উপজেলার রুদ্রশ্রী গ্রামের ঐ শিশুটি স্থানীয় কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে নানা হুমকির মুখে চুপ রয়েছে শিশুটির পরিবার।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, জাকিম মিয়া আগে থেকেই তাদের বাড়িতে আসা যাওয়া করত। এ সুবাদে ঐ শিশুর চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিলে ধর্ষণের শিকার শিশুটির বাবা তাতে অসম্মতি প্রকাশ করেন। এক মাস আগে তার চাচাতো বোনকে অন্যত্রে বিয়ে দেওয়ার পর থেকেই জাকিম তাদের দেখে নেবে বলে হুমকি দেয়। গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা জমিতে সেচ দিতে হাওরে গেলে পরিবারের লোকজনের সঙ্গেই নিজ ঘরে ঘুমিয়ে পড়ে শিশুটি। এ সময় প্রতিবেশী জাকিমসহ আরো তিন-চার জন তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক বাড়ির সামনে পতিত জমিতে নিয়ে ধর্ষণ করলে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তার বাবা শিশুটিকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিত্কার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে শিশুটি সব ঘটনা খুলে বলে।
শিশুর মা বলেন, আমার শিশু মেয়েকে জাকিম ধর্ষণ করেছে। আইনের আশ্রয় নিলে আমাদের গ্রামছাড়া করবে বলেছে। আমরা গরিব মানুষ, তাই ভয়ে চুপ করে আছি।
মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
