চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৫১

নগরীর পাহাড়তলি এলাকায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে ছোট ভাই মুন্না। গতকাল বুধবার সকালে পাহাড়তলি বার কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ছেলে নিজাম উদ্দিন মুন্না নিহতের ঘটনায় ঘাতক পুত্রের ফাঁসি দাবি করেছে মা জিন্নাত আরা বেগম।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, নিজাম উদ্দিন মুন্না তার বড় ভাই সালাউদ্দিনের ছুরিকাঘাতে মারা গেছে। তাদের মধ্যে আগে থেকেই                জমিজমা নিয়ে বিরোধ ছিল। মুন্না সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাবের আহমদের সমর্থক। অন্যদিকে তার বড় ভাই সালাউদ্দিন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক। গতকাল সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সালাউদ্দিন তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর থেকে সালাউদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।